ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা নৌপথে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
শুক্রবার হুতিরা লোহিত সাগরের বাব আল-মানদেব নৌপথের মাঝখানে অবস্থিত একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। এর মাধ্যমে পুরো প্রণালি এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ইয়েমেনি সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার সরকারি বাহিনী ময়উন দ্বীপ থেকে প্রত্যাহার করে নেয়। এরপর সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী নৌকাগুলো দ্বীপটিতে পৌঁছায়।
ময়উন, যা পেরিম নামেও পরিচিত, বাব আল-মানদেব প্রণালির মাঝামাঝি এলাকায় অবস্থিত। সরকারি বাহিনী সরে যাওয়ার পর হুতিরা দ্বীপটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বলে ওই কর্মকর্তা জানান।
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, সশস্ত্র ব্যক্তিদের বাব আল-মানদেব উপকূলজুড়ে মোতায়েন থাকতে দেখা গেছে। তাঁরা সামরিক যানবাহন নিয়ে এলাকাটিতে চলাচল করছেন।
ইরান-সমর্থিত হুতিরা গত সপ্তাহে বাব আল-মানদেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। এরপর থেকে কয়েক শ মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাব আল-মানদেবের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা এমন সময়ে ঘটল, যখন লোহিত সাগরের এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে। এর আগে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরান হরমুজ প্রণালি নৌ চলাচলের জন্য কার্যত বন্ধ করে দেয়। ফলে জাহাজ চলাচলের ক্ষেত্রে বাব আল-মানদেব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আল-মাসিরা টিভি। শুক্রবার বিমানবন্দরটিতে দুই দফা হামলা চালানো হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে গত সপ্তাহে বড় ধরনের অভিযান শুরু করে হুতিরা। বৃহস্পতিবার তারা লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নেয়।
