অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’। ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে আয়োজিত দিনব্যাপী এই মেলায় সংস্কৃতি, খাবার, ফ্যাশন ও ব্যবসার বিভিন্ন আয়োজন থাকছে। আয়োজকদের আশা, মেলায় ১৫ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সিডনির একটি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিসিএর সভাপতি সাইফুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য সৈয়দ আকরাম উল্লাহর সঞ্চালনায় সভায় দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ও স্টল বণ্টনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
‘ইউর কালচার, ইউর বিজনেস, ইউর মোমেন্ট’ প্রতিপাদ্য সামনে রেখে সাজানো হচ্ছে এবারের স্প্রিং ফেয়ার। সংস্কৃতি, দেশীয় খাবার, ফ্যাশন ও কেনাকাটার পাশাপাশি থাকবে সরাসরি সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।
বাংলাদেশ থেকে সিডনিতে গিয়ে মঞ্চে গান পরিবেশন করবেন সাগর বাউল, প্রিয়াঙ্কা, সিথী, রবি চৌধুরী ও তরু।
পরিবার ও শিশুদের বিনোদনের জন্যও মেলায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাইডে চড়ার সুযোগ সম্পূর্ণ বিনা মূল্যে রাখা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর মেলার প্রবেশ টিকিটের মোড়ক উন্মোচন করা হয়।
প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ অস্ট্রেলীয় ডলার। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনা মূল্যে।
মেলায় স্থানীয় ব্যবসায়ী, খাবার বিক্রেতা ও বিভিন্ন ব্র্যান্ড তাদের পণ্য বিপুলসংখ্যক দর্শনার্থীর সামনে তুলে ধরার সুযোগ পাবেন। আগ্রহীদের জন্য ‘আর্লি বার্ড’ মূল্যে স্টল বুকিংয়ের সুবিধাও রাখা হয়েছে।
আয়োজকদের মতে, প্রবাসে বাঙালির সংস্কৃতি ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এই মেলা ভূমিকা রাখবে। সিডনির বসন্তের আবহে আয়োজিত এ মেলা সংস্কৃতি, বিনোদন ও ব্যবসায়িক যোগাযোগের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
