সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।‘বিএনপির প্রত্যেকেই সরকারের অংশ’
দলীয় নেতাকর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে রিজভী বলেন, বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে—এমন নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের কাজে মহিলা দলের নেতাকর্মীদেরও অবদান রয়েছে।অতীতের নির্যাতনের প্রসঙ্গ
রিজভী তার বক্তব্যে নুসরাত, রুপা, খাদিজা, তনু ও মিতুর প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে এ ধরনের হত্যাকাণ্ড বা নির্যাতনের ঘটনা নেই এবং সরকারি দলের কোনো নেতাকর্মীও এমন অপকর্মে জড়িত নন। তিনি দাবি করেন, এখন এ ধরনের কোনো সংবাদও নেই।
সমাবেশ থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহিলা দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান রিজভী।
নারীর অবস্থান শক্তিশালী করা ও সামাজিক সুরক্ষার বলয় তৈরিতে সরকারের বিভিন্ন কর্মসূচির সুফল মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন তিনি।
