জ্বালানি ও বিদ্যুৎ–সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ–সংকটের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে শিল্প খাতে এর প্রভাব পড়ছে। ছয় মাসেও সংকট মোকাবিলায় কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
শনিবার বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি জানান, সংসদে জ্বালানি, তেল ও গ্যাসের সংকটের কথা তুলে ধরে এর সমাধানে বিরোধী দল অংশ নিতে চেয়েছিল। এ জন্য তাঁদের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছিল। তবে সরকার এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
শফিকুর রহমানের দাবি, সরকার সময়মতো বিকল্প ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা জটিল হতো না। বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চাইলেও প্রস্তাব গ্রহণ না করায় জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি–সংকটের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তাঁর ভাষ্য, সরকার শুরুতে বিদ্যুৎ–সংকটের বিষয়টি অস্বীকার করলেও বর্তমানে এর প্রভাব বিশেষ করে শিল্প খাতে স্পষ্ট।
জ্বালানি সরবরাহের সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে এর প্রভাব আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
বগুড়ার উন্নয়ন ও শিল্পায়ন নিয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়া যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় জেলাটিকে ‘মিনি শিল্পনগরী’ বলা হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও সেখানে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শফিকুর রহমান বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন।
