২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই প্রসঙ্গ টেনে এবার আর্জেন্টিনাকে কটাক্ষ করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।
দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে রুইজ বলেন, ফাইনালের পর মাঠের সেই পরিস্থিতি বিশ্ব ফুটবলের জন্য সুখকর ছিল না। বিশেষ করে শিশু ও তরুণ ফুটবলারদের সামনে এমন ঘটনার ভালো কোনো উদাহরণ তৈরি হয় না বলে মনে করেন তিনি।
ফাইনালের পরের সংঘর্ষ প্রসঙ্গে রুইজ বলেন, এমন দৃশ্য কেউই দেখতে চায় না। ফুটবল অনুসরণ করা শিশুদের সামনে খেলোয়াড়দের ভালো দৃষ্টান্ত স্থাপন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এরপরই আর্জেন্টিনাকে উদ্দেশ করে স্পেনের এই তারকা বলেন, জয় যেমন গ্রহণ করতে জানতে হয়, তেমনি পরাজয়ও মেনে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। তাঁর মতে, কেউ হারতে চায় না, কিন্তু বিশ্বকাপের ফাইনালের পর যা ঘটেছে, সেটি ছিল দুর্ভাগ্যজনক।
ফাইনালের পরের ঘটনার আর দীর্ঘায়ন চান না রুইজ। তাঁর মতে, ফুটবল দেখে এমন সব বয়সের মানুষ—শিশু থেকে বয়োজ্যেষ্ঠ—তাই খেলোয়াড়দের সবসময় ভালো উদাহরণ দেওয়ার চেষ্টা করা উচিত।
রুইজ আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে ফাইনালের পরের সেই অপ্রীতিকর ঘটনা মানুষ ভুলে যাবে। বরং স্মৃতিতে থাকবে স্পেনের বিশ্বকাপজয়ের অবিস্মরণীয় উদ্যাপন।
