উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নেতারা সবাইকে অন্তর্ভুক্ত করে সমন্বিত বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যৌথ উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলে উত্তেজনা কমাতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ব্রিকস শীর্ষ সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ জোটের সদস্যদেশগুলোর নেতারা অংশ নেন।
সম্মেলনের সমাপনী দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, ব্রিকস বিশ্বের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা, বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং বিশ্ববাণিজ্যের ২৫ শতাংশের বেশি অংশের প্রতিনিধিত্ব করে।
মোদি বলেন, ব্রিকসের শক্তি বৈচিত্র্য ও সহযোগিতার মধ্যে নিহিত। ভিন্ন বাস্তবতা থাকা সত্ত্বেও সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ব্রিকস একটি নতুন, আরও ন্যায্য ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, নিয়মহীন পৃথিবী ট্রাফিক সিগন্যাল ছাড়া একটি মোড়ের মতো, যেখানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য অনিবার্য।
সম্মেলনের প্রথম দিন ব্রিকস নেতাদের আলোচনায় মধ্যপ্রাচ্যের সংঘাত গুরুত্ব পায়। এর আগে গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে একমত হতে পারেননি। ইরানকে কেন্দ্র করে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার পর তৈরি যুদ্ধের ঘটনায় ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানের বিভাজন এর অন্যতম কারণ ছিল।
এবার ভারতের কূটনৈতিক প্রচেষ্টার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ জোটের নেতারা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেন। এতে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় এবং ব্রিকসের সদস্যদেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।
শীর্ষ সম্মেলনের প্রথম দিন শনিবার ব্রিকস নেতারা সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করেন। এতে ব্রিকস সহযোগিতায় অংশীদার দেশগুলোর অবদান স্বীকার করা হয়েছে। একই সঙ্গে অংশীদার দেশগুলোর সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী অংশীদারত্ব বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে।
