পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বার বিয়ে করেছেন। তাঁর নতুন জীবনসঙ্গী আইরিশ-অস্ট্রেলিয়ান কোটিপতি ব্যবসায়ী ক্যামেরন ও’রিলি। জেমিমার পরিবার তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে।২২ বছর পর নতুন সংসার
৫২ বছর বয়সী ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে ইমরান খানের প্রায় নয় বছরের দাম্পত্য জীবন ছিল। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই ছেলে—সুলাইমান ও কাসিম।
৬২ বছর বয়সী ক্যামেরন ও’রিলি আইরিশ-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী। গত সপ্তাহের ছুটিতে জেমিমা ও ক্যামেরনের বিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। সিনেমা ও প্রামাণ্যচিত্রের প্রতি দুজনের আগ্রহ থেকেই তাঁদের পরিচয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেমিমা গোল্ডস্মিথ প্রযোজনা প্রতিষ্ঠান ইন্সটিংক্ট প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা। তিনি বেশ কয়েকটি অনুষ্ঠান ও চলচ্চিত্র রচনা ও প্রযোজনা করেছেন। এর মধ্যে শেখর কাপুর পরিচালিত রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’ উল্লেখযোগ্য।
এ ছাড়া ‘দ্য নিউ স্টেটসম্যান’ ও ‘ভ্যানিটি ফেয়ার’-এর মতো সাময়িকীতেও তিনি সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও তিনি সরব ভূমিকা রেখেছেন।ইমরান খানের পক্ষে সরব জেমিমা
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্বামীর পক্ষে এবং দুই ছেলের প্রচারণাকে সমর্থন করে একটি পোস্ট করেন জেমিমা। সেখানে তিনি ইমরান খানের পরিস্থিতিকে মানবাধিকারের গুরুতর সংকট হিসেবে উল্লেখ করেন।
জেমিমা আরও অভিযোগ করেন, তাঁর দুই ছেলে সুলাইমান ও কাসিম বাবার শারীরিক অবস্থার অবনতি দেখতে বাধ্য হচ্ছেন, কিন্তু তাঁদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাঁদের ভিসা না দেওয়া এবং গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
