সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাহী সহকারী নাটালি হার্পের একটি ছবি সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে গলফ কোর্সে ট্রাম্পের সঙ্গে হার্পকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে অনলাইনে আলোচনা চলছে।
ভাইরাল ছবিতে সাদা শার্ট পরা এক ব্যক্তিকে এক নারীর কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই নারীর হাতে গলফ খেলার সরঞ্জাম রয়েছে। পেছনে দেখা যায় গলফ কার্ট ও মাঠ। ছবিতে থাকা দুজনকে ট্রাম্প ও নাটালি হার্প বলে মনে হয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারী হিসেবে বিভিন্ন সময় হার্পকে তার সঙ্গে দেখা যাওয়ায় ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ছবিটি আসল—এমন কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
ছবিটির পরিষ্কার সংস্করণ বিশ্লেষণ করে কয়েকটি অসঙ্গতির কথা সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, নারীর এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এ ছাড়া ছবিতে থাকা গলফ কার্ট ও সরঞ্জাম নিয়েও অস্বাভাবিকতা চোখে পড়েছে।
সাধারণত গলফ কার্টের পেছনে গলফ ক্লাব রাখার ব্যবস্থা থাকলেও ভাইরাল ছবিতে সেগুলো সামনের আসনে দেখা যাচ্ছে। গলফ ক্লাবগুলোর আকৃতিও অস্বাভাবিক ও কৃত্রিম বলে মনে হয়েছে।
ছবির আরেকটি বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। গলফ মাঠের পতাকায় কোনো ক্লাবের লোগো দেখা যাচ্ছে না। পাশাপাশি ট্রাম্পের ডান কানের পাশে থাকা পরিচিত ক্ষতচিহ্নটিও ছবিতে নেই।
নাটালি হার্পকে এর আগেও ট্রাম্পের বিভিন্ন গলফ খেলা ও সফরে তার সঙ্গে দেখা গেছে। তবে তাদের একসঙ্গে থাকার বাস্তব ছবি রয়েছে—এটি ভাইরাল চুম্বনের ছবিটিও সত্য, এমন প্রমাণ নয়।
ছবিটির বিভিন্ন অসঙ্গতি এবং এআই শনাক্তকারী টুলের পরীক্ষার দাবির ভিত্তিতে সোর্সে এটিকে এআই কারসাজিতে তৈরি ভুয়া ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
