শিশুদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমানবাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, শিশুদের জন্য সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন, সবুজ খোলামাঠে খেলাধুলার সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসার নিশ্চয়তা থাকা জরুরি। কন্যাশিশুদের উচ্চতর পর্যায়ে অবৈতনিক শিক্ষার সুযোগ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে, সে জন্য সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি শিশু যেমন তার পরিবার ও অভিভাবকের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি তারা সমাজ ও রাষ্ট্রেরও মূল্যবান সদস্য।
ব্লু স্কাই স্কুলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, প্রশিক্ষণ পেলে শিশুরা নিজেদের সক্ষমতা আরও ভালোভাবে তুলে ধরতে পারে। একসঙ্গে কাজ করে সফল হওয়ার এই অভিজ্ঞতা খেলাধুলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এসব শিক্ষা শিশুদের ভবিষ্যতে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় মনোবল ও শক্তি জোগাবে। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে শিশু-কিশোরদের নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে ওঠার আহ্বান জানান তিনি।
এ সময় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির কার্যক্রমেরও প্রশংসা করেন জুবাইদা রহমান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা কারুশিল্প তৈরিতে দক্ষ হয়ে উঠছেন, যা নারীদের ক্ষমতায়নে একটি অভিনব প্রচেষ্টা।
এর আগে ডা. জুবাইদা রহমান রাজধানীর ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
