ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির পর তারিন আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
তারিন আক্তার ওই গ্রামের রওশন আলীর মেয়ে। তাঁর স্বামী সবুজ মিয়া সৌদি আরবে থাকেন। তাঁদের পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে দেখতে গত ১২ সেপ্টেম্বর স্বামীর বাড়ি নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) গ্রাম থেকে বাবার বাড়ি পূর্ব কুট্টাপাড়ায় আসেন তারিন।
সোমবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারিন পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষে চলে যান। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূইয়া জানান, তারিনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ সরাইল থানায় রয়েছে। সুরতহালের জন্য তা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
