নোয়াখালী জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমন ভট্র একই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন ভট্র আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর অসুস্থ ৯ মাস বয়সি মেয়ে ইচ্ছেকে দেখতে তিনি ঢাকা থেকে নিজ বাসায় আসেন। পরে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর পরদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্রকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর কথা রয়েছে।
