নেপালে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যার পর বাংলাদেশের সহমর্মিতা, ত্রাণ সহায়তা এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ কৃতজ্ঞতা জানানো হয়। চিঠিতে তিনি বলেন, ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের দেওয়া ১০ লাখ মার্কিন ডলারের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নেপালের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে বাংলাদেশের এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেপালের জাতীয় দুর্যোগের ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি এটিকে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সহমর্মিতা ও সংহতির প্রকাশ হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে বালেন্দ্র শাহ আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে। প্রতিকূল সময়ে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
