প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশ্বজয়ী হাফেজদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
এর আগে গত ১৯ আগস্ট সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার তরুণ ও তরুণী বিভিন্ন গ্রুপে কৃতিত্ব অর্জন করেন। তাঁদের মধ্যে শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ এবং মুহাম্মদ জাকারিয়া ও রাবিতা বিনতে রমাদান রয়েছেন।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পবিত্র মসজিদুল হারামে আয়োজিত ওই অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল পুরস্কার বিতরণ করেন।
একই অনুষ্ঠানে প্রথমবারের মতো আয়োজিত নারীদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন বাদশাহ সালমানের স্ত্রী প্রিন্সেস ফাহদাহ বিনতে ফালাহ আল হাথলিন।
