সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে এসব খাতের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে রিটার্ন জমা দিতে হবে।
রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করে। এতে স্বাক্ষর করেছেন এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার বিধি ১১৮ক অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়মে উৎপাদন পর্যায়ের আটটি এবং সেবা পর্যায়ের তিনটি খাত অন্তর্ভুক্ত হয়েছে।
উৎপাদন খাতের মধ্যে রয়েছে—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।
সেবা খাতের মধ্যে রয়েছে—বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ব্যাংকিং সেবা।
এনবিআরের আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসা বা সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রেও অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কার্যকর হবে।
এ ছাড়া অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করার বিষয়ে আগে জারি করা সব আদেশ নতুন বিজ্ঞপ্তির পর থেকে বাতিল বলে গণ্য হবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে তালিকায় নতুন খাত যুক্ত বা বিদ্যমান খাত বাদ দেওয়ার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।
