লিটারপ্রতি জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দলগুলো পৃথক বিবৃতিতে তাদের প্রতিক্রিয়া জানায়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের চাপ বাড়াচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মানুষের দুর্ভোগ আরও বাড়াবে বলে তিনি উল্লেখ করেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ, ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধের কথাও বলেন জামায়াতের এই নেতা।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পুরো দায় জনগণের ওপর না দিয়ে জ্বালানি খাতে অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
এবি পার্টি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং মূল্যস্ফীতির চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতাদের থাকার কথা।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্ধ্যা ৭টায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছে।
রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করে। নতুন দামে ডিজেলের মূল্য ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।
নতুন দাম ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
