জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পেজেশকিয়ান জানান, আন্তর্জাতিক অঙ্গনে ইরান তার অধিকার ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে এবং কোনো চাপের কাছে তা থেকে সরে যাবে না।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে যুগান্তর জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এবং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার প্রসঙ্গেও কথা বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, চাপ প্রয়োগ বা শক্তি ব্যবহার করে কোনো স্বাধীন জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার সেখানে পৌঁছে তিনি জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ইরানের প্রেসিডেন্টের নিউইয়র্ক সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানি প্রতিনিধিদলকে কূটনৈতিক আলোচনার সুযোগ দেওয়া হয়েছে।
