ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) এক বছর মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি’ (পিজিডিআইটি) প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি চলছে। আগামী জানুয়ারি ২০২৭ থেকে শুরু হবে এ প্রোগ্রামের ক্লাস। তথ্যপ্রযুক্তির মৌলিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক কোর্সের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।যাঁরা আবেদন করতে পারবেন
প্রোগ্রামটির অন্যতম বৈশিষ্ট্য হলো, যেকোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের স্নাতক ডিগ্রিধারীরা এতে আবেদন করতে পারবেন। ফলে নন-আইটি বিষয়ে পড়াশোনা করা স্নাতকদেরও তথ্যপ্রযুক্তিতে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে।
বর্তমান পেশার সঙ্গে নতুন আইটি দক্ষতা যুক্ত করতে চান, আইটি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী অথবা প্রযুক্তি ও গবেষণায় উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে চান—এমন শিক্ষার্থীদের জন্যও প্রোগ্রামটি উপযোগী বলে জানানো হয়েছে।
পিজিডিআইটি প্রোগ্রামটি এক বছর মেয়াদি এবং এতে মোট ৩৬ ক্রেডিট রয়েছে। চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে ক্লাসের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
সপ্তাহে চার দিন ক্লাস হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং সর্বশেষ আপডেটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ০১৭৭৯৪৮২৯৯৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
