খাদ্যপণ্যের পর এবার সাবান, শ্যাম্পু, টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনী পণ্যের ক্ষেত্রেও আমিষ ও নিরামিষ (ভেজ ও ননভেজ) চিহ্ন ব্যবহার বাধ্যতামূলক করেছে ভারত সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব পণ্য তৈরিতে ব্যবহৃত উপাদান আমিষজাত নাকি নিরামিষজাত, তা প্যাকেট বা বোতলের গায়ে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে জানাতে হবে।
নতুন নিয়মে কোনো প্রসাধনীতে আমিষজাত উপাদান ব্যবহার করা হলে প্যাকেটে বাদামি বা লাল রঙের গোলাকার চিহ্ন দিতে হবে। আর সম্পূর্ণ নিরামিষজাত উপাদান দিয়ে তৈরি পণ্যের ক্ষেত্রে সবুজ রঙের গোলাকার চিহ্ন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এত দিন এ ধরনের ভেজ-ননভেজ লেবেলিং মূলত খাবার ও খাদ্যপণ্যের ক্ষেত্রে প্রচলিত ছিল। নতুন নির্দেশনার ফলে এখন প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও প্যাকেট বা বোতলে নির্ধারিত চিহ্ন প্রদর্শন করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, এই লেবেলিংয়ের মাধ্যমে ক্রেতারা কোনো প্রসাধনী কেনার আগে সেটিতে ব্যবহৃত উপাদানের প্রকৃতি সম্পর্কে সহজেই ধারণা নিতে পারবেন। বিশেষ করে নির্দিষ্ট খাদ্যাভ্যাস, ধর্মীয় বিশ্বাস কিংবা ব্যক্তিগত পছন্দের কারণে যারা পণ্যের উপাদান সম্পর্কে সচেতনভাবে সিদ্ধান্ত নেন, তাদের জন্য এই তথ্য সহায়ক হবে।
এদিকে, এফএমসিজি বা দ্রুত ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা অনুযায়ী প্যাকেজিংয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে প্রশাসন।
