যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, নিষেধাজ্ঞা, অতিরিক্ত চাপ ও হুমকি বাড়লে ইরানি জনগণের প্রতিরোধ আরও শক্তিশালী হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ডেইলি ইত্তেফাক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে চিরতরে ধূলিসাৎ করার হুমকির পরদিন জাতিসংঘে দেওয়া ভাষণে পেজেশকিয়ান পাল্টা প্রতিক্রিয়া জানান।
ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা কখনোই মাথা নত করব না কিংবা হাঁটু গেড়ে বসে পড়ব না।’ তবে একই সঙ্গে শান্তির স্বার্থে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
ভাষণের শুরুতে পেজেশকিয়ান ইরানের সংঘাতের প্রথম দিকে নিহত ৮৬ বছর বয়সী সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ছবি তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম আঘাতেই তিনি নিহত হন।
এ ছাড়া মার্কিন বিমান হামলায় নিহত কয়েকজন ইরানি শিশু এবং তাদের কবরের ছবিও তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর দুটি যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি ইয়েমেন ও লেবাননেও ছড়িয়ে পড়ে।
সূত্র: মিডল ইস্ট আই
