জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার সময় নিজের বাবা-মাকে স্মরণ করে স্মৃতিকাতর হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দেওয়া ভাষণে তিনি বলেন, জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তাঁর কিছুটা স্মৃতিকাতর লাগছে। একই মঞ্চে তাঁর বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন।
তারেক রহমান বলেন, তিনিও দেশ ও জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এই মঞ্চে দাঁড়িয়েছেন।
ভাষণে প্রধানমন্ত্রী গ্লোবালাইজেশনের বর্তমান সময়ে বিশ্বের এক প্রান্তের ঘটনাও বিভিন্ন রাষ্ট্রে কমবেশি নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন। মানবসৃষ্ট সংঘাতের কারণে অনেক দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, সংঘাতের কারণে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং মানবিক সংকট তৈরি হচ্ছে। একই সঙ্গে যুদ্ধ ও সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে পড়েছে। জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে বলেও ভাষণে উল্লেখ করেন তিনি।
