জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অধিনায়ক ও অলরাউন্ডার হেইলি ম্যাথিউস। ১৫৬ বলে ২৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮২ রান করে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে ১৮২ রানের এই ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নারী ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল স্টেফানি টেলরের দখলে। তিনি করেছিলেন ১৭১ রান।
ম্যাথিউসের ১৮২ রানের ইনিংসে ছিল ২৬টি চার ও দুটি ছক্কা। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই তিনি সংগ্রহ করেছেন ১১৬ রান। এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের নারী ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান সংগ্রহের নিজের আগের রেকর্ডও ভেঙেছেন তিনি। এর আগে তার রেকর্ড ছিল ১০৮ রান।
ম্যাথিউসের রেকর্ড গড়া ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। জবাবে ৪৩.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে নারী দল। ফলে ৯৯ রানের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
