ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করতে এসে তথ্য ও কাগজপত্রে অসঙ্গতির অভিযোগে এক নারী ও তার সহযোগী পুরুষকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আটক নারী হলেন কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার ওয়ারেসের স্ত্রী রাবেয়া (৩৬)। অপরজন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের হযরত আলীর ছেলে নুর ইসলাম।
তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর সরকার জানান, আবেদনকারীদের দেওয়া তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও পরিচয়সংক্রান্ত তথ্যে অসঙ্গতি পাওয়া যায়।
নির্বাচন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশি নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্দেশ্যে ওই নারী আবেদন করেছিলেন। তবে তিনি কীভাবে বাংলাদেশি পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন এবং এ কাজে কেউ তাকে সহযোগিতা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সেটিও তদন্তের বিষয় বলে জানিয়েছেন তিনি। বর্তমানে আটক দুজনের পরিচয় ও উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আটক দুজনকে থানায় হস্তান্তর করেছেন।
তাদের উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
