কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে প্রতারণার অভিযোগে তোফায়েল আলম টিটু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের দাবি, টিটু নারীকণ্ঠে কথা বলে ইতালিপ্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই সম্পর্ককে কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে তরুণ ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার এসপি এম এন মোর্শেদ।
পিবিআই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, কেরানীগঞ্জের শাহনাজ বেগমের ইতালিপ্রবাসী ছেলে শাহাদাত খানের সঙ্গে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে টিটুর পরিচয় হয়। ওই পেজে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।
পরে নারী সেনা সদস্যের পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন টিটু বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ওই সম্পর্কের সূত্র ধরে শাহাদাত ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে টিটুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও আর্থিক লেনদেনের সিম উদ্ধার করা হয়েছে।
