অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনের বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে থাকা বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া’ (এফবিএমএসএ) এ সম্মেলনের আয়োজন করে।
২৬ ও ২৭ সেপ্টেম্বর সিডনির পেনরিথের ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যসহ ছয় শতাধিক অতিথি অংশ নেন।
প্রতিবছর অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে পালাক্রমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এবার আয়োজনের দায়িত্বে ছিল নিউ সাউথ ওয়েলসের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি’।
সম্মেলনের আহ্বায়ক ফাইজুর রেজা বলেন, ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, শিকড়ের টানে একত্র হয়ে বাংলাদেশের চিকিৎসাসেবা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোই তাঁদের মূল লক্ষ্য।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী জিহাদ দিব, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস শাখার সভাপতি ফ্রেড বেট্রোস।
প্রথম দিন শনিবার সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। এতে বাংলাদেশের সংগীতশিল্পী নকীব খান এবং স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
রোববার সকালে সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশন শুরু হয়। এতে হৃদ্রোগ, ক্যানসার, কিডনি রোগ এবং শিশুদের স্নায়ুরোগের চিকিৎসায় সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনের বার্ষিক সাধারণ সভায় এফবিএমএসএর নতুন কমিটি গঠন করা হয়। এতে রশিদ আহমেদ সভাপতি এবং গোলাম সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ ছাড়া সম্মেলনে ‘এলিক্সির’ নামে একটি স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনের বিভিন্ন পর্ব সমন্বয় করেন আয়োজনের সভাপতি নাসিম জেসি চৌধুরী, এফবিএমএসএর বিদায়ী সভাপতি মোশাররফ হোসেন খান এবং আয়োজক সংগঠনের সভাপতি মেহেদী ফারহানসহ সংশ্লিষ্টরা।
