উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ২৫ মিনিটেই চেক প্রজাতন্ত্র ১০ জনের দলে পরিণত হলেও প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে অ্যান্টনি গর্ডন ও হ্যারি কেইনের গোলে জয় নিশ্চিত করে টমাস টুখেলের দল।
প্রাগে শুরু থেকেই স্বস্তিতে ছিল না ইংল্যান্ড। ম্যাচের প্রথম ২০ মিনিটে কয়েকবার চেক প্রজাতন্ত্রের আক্রমণ সামলাতে হয়েছে তাদের। ১৬ মিনিটে মর্গান রজার্সের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে এলিয়ট অ্যান্ডারসনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বুকায়ো সাকার শটও ঠেকিয়ে দেন চেক ডিফেন্ডার জিরি স্লামা।
ম্যাচের ২৫ মিনিটে বড় মোড় আসে। এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করায় পাভেল শুলৎসকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখানো হয়। ফলে বাকি ম্যাচ ১০ জন নিয়ে খেলতে হয় চেক প্রজাতন্ত্রকে।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ইংল্যান্ডের হাতে চলে যায়। বলের দখল ও আক্রমণ বাড়ালেও প্রথমার্ধে চেকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।
বিরতির পর দ্রুতই গোলের দেখা পায় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান অ্যান্টনি গর্ডন।
৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন। বক্সের ভেতর মর্গান রজার্সকে আটকাতে গিয়ে ক্রেইচি বল হারালে সেটি কেইনের সামনে চলে আসে। বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
এরপরও গোলের সুযোগ তৈরি করেছে ইংল্যান্ড। ৮২ মিনিটে এজেকিয়েল এজের শট কোনোমতে ঠেকান চেক গোলরক্ষক কোভার। ৮৯ মিনিটে এজের আরেকটি দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে জুড বেলিংহামের শটও ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এর আগে ক্রোয়েশিয়ার কাছে হারার পর ইংল্যান্ডের বিপক্ষেও পরাজিত হলো চেক প্রজাতন্ত্র।
এই জয়ে লিগ ‘এ’র গ্রুপ ‘সি’তে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। শীর্ষে থাকা স্পেনের চেয়ে তারা ৩ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে গ্রুপের তলানিতে রয়েছে চেক প্রজাতন্ত্র।
পরের ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আর চেক প্রজাতন্ত্র খেলবে স্পেনের বিপক্ষে।
