সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং একাধিকবার নোটিশ দেওয়ার পরও কাজে যোগ না দেওয়ার অভিযোগে বিভাগীয় মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ দেওয়া হয়। এর আগে গত ২২ সেপ্টেম্বর তাকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন রাষ্ট্রপতি।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে মেহেদী হাসান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
পরে তাকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। দায়িত্বে যোগদানের জন্য তাকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
এ ঘটনায় বিভাগীয় মামলার তদন্ত শুরু হলে অভিযোগ প্রমাণিত হয়। পরে সরকারি বিধি অনুযায়ী পিএসসির পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
