জাপানে চলমান এশিয়ান গেমস হকিতে নবম স্থান অর্জন করে আসর শেষ করেছে বাংলাদেশ নারী হকি দল। শুক্রবার সকালে গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে হারায় তারা।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দশম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে উত্তেজনা অব্যাহত থাকে। ৪২তম মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের লিমা আক্তার। ফলে কিছু সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।
এই সুযোগ কাজে লাগিয়ে ৪৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে।
টাইব্রেকারে স্নায়ুচাপ ধরে রেখে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী হকি দল। এর মধ্য দিয়ে এশিয়ান গেমসের এবারের আসর নবম স্থানে থেকে শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
