ত্রিপক্ষীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩০ রানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অলরাউন্ডার নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া আক্তার।
ফয়সালাবাদে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাত ইমান্তা দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দলটি। এরপর নিশিতা আক্তার ও সাদিয়া আক্তার জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।
নিশিতা ব্যাট হাতে ২৩ রান করেন। অধিনায়ক সাদিয়া ২৫ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া শ্রাবণী শীলের ব্যাট থেকে আসে ১২ রান।
বাংলাদেশের ব্যাটারদের প্রচেষ্টায় পাকিস্তানের সামনে নির্ধারিত ২০ ওভারে জয়ের জন্য চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড়ায়। রান তাড়ায় নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি।
পাকিস্তানের দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান শুরুতে ২১ রানের জুটি গড়েন। পরে কোমল খান সর্বোচ্চ ২৯ রান এবং জোফিসান আয়ান ১২ রান করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তানের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।
বল হাতেও দারুণ পারফরম্যান্স করেন নিশিতা আক্তার নিশি। চার ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে তিনি দুটি উইকেট নেন।
নিশিতার ব্যাটিং-বোলিং নৈপুণ্য এবং অধিনায়ক সাদিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে ৩০ রানের জয় দিয়ে ত্রিপক্ষীয় সিরিজ শুরু করল বাংলাদেশের মেয়েরা।
