ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন তাঁর চার সন্তানের মা ও প্রযুক্তি নির্বাহী শিভন জিলিস। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পাশাপাশি মাস্কের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক পোস্টে জিলিস জানান, কোনো পূর্বসংকেত ছাড়াই এক সপ্তাহের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদের পর্যায়ে চলে আসা তাঁর জন্য কঠিন ছিল। তবে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি।
সম্পর্কের ইতি টানার ঘটনায় কষ্টের কথা জানালেও ইলন মাস্কের প্রতি নিজের মমতার কথা জানিয়েছেন জিলিস। তিনি তাঁর সুখ কামনা করেন এবং মাস্ককে শুভকামনা জানান।
জিলিস বলেন, তিনি ও তাঁদের সন্তানরা মাস্কের জন্য একটি নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশ তৈরি করেছিলেন। তাঁদের সঙ্গে সময় কাটানোর পরিবেশ ছিল আনন্দময়, যা মাস্কের ব্যস্ত ও সংঘাতপূর্ণ জীবনের বিপরীত বলে তিনি উল্লেখ করেন।
মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাঁদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুর জন্ম নেয়। ২০২৪ সালে জন্ম নেয় কন্যা আর্কাডিয়া এবং ২০২৫ সালের শুরুর দিকে জন্ম নেয় ছেলে সেলডন।
জিলিস আরও লিখেছেন, এই সম্পর্কের অনেক কিছু হারানোর বেদনা থাকলেও তাঁদের চার সন্তানকে পৃথিবীতে আনার বিষয়টি তাঁর জন্য সৌভাগ্যের।
জিলিসের প্রকাশ করা স্ক্রিনশট অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর তিনি মাস্ককে একটি বার্তায় জানান যে প্রাতরাশে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে এবং তিনি তাঁকে ভালোবাসেন। জবাবে মাস্কও তাঁকে ভালোবাসার কথা জানান।
মাস্ক আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে জিলিসকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তিনি আগে বুঝতে পারেননি। জবাবে জিলিস তাঁকে ধন্যবাদ জানান।
এর তিন দিন পর, ২৭ সেপ্টেম্বর জিলিস লিখেছিলেন, ‘নতুন দিন, নতুন জীবন।’
এ বিষয়ে ইলন মাস্কের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। জিলিসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: পিপল
