নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রূপসী প্রধানবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে মুন্না, বারিয়ারটেক এলাকার মেহের উদ্দিনের ছেলে মৃদুল হাসান, টেকনোয়াদ্দা এলাকার ইসমাইলের ছেলে সাকিব এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে যুবরাজ মিয়া।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ও গাঁজার ব্যবসা এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অভিযোগ স্বীকার করেন। পরে শুনানি শেষে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দণ্ড কার্যকরের জন্য তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।
