বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অন্ধত্ব প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ এ বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশে চক্ষু চিকিৎসা ও দৃষ্টি সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা, অন্ধত্ব প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথ উদ্যোগের ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
