বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার পাঠানো অনুরোধ ভারত সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই।
শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ আবারও ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কি না এবং শেখ হাসিনার ঘোষিত দেশে ফেরার পরিকল্পনার প্রেক্ষাপটে নতুন কোনো অগ্রগতি রয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।”
একই ব্রিফিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা আরেকটি প্রত্যর্পণ অনুরোধ সম্পর্কেও প্রশ্ন ওঠে। সাংবাদিকদের একজন উল্লেখ করেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে একজন ব্যক্তিকে ফেরত চেয়ে প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের আগে একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি সম্পর্কে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে প্রত্যর্পণসংক্রান্ত সব অনুরোধের ক্ষেত্রেই আইনগত ও বিচারিক বিষয়গুলো যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি পুনরায় উল্লেখ করেন।
ভারতের অবস্থান অনুযায়ী, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং তা সংশ্লিষ্ট আইনি কাঠামোর আওতায় মূল্যায়ন করা হচ্ছে।
