দেশের স্বর্ণবাজারে সোনার দামে নতুন কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ যে মূল্য নির্ধারণ করেছিল, সোমবারও সেই দামেই সারা দেশে সোনা বিক্রি হচ্ছে।
গত ১৪ জুলাই বাজুস ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এরপর আর কোনো নতুন মূল্য সমন্বয়ের ঘোষণা না আসায় আগের নির্ধারিত দরই বহাল রয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছিল।
বর্তমান মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায়। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে অতিরিক্ত মজুরি যোগ হতে পারে।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ বা পুনঃক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই অনুসরণ করা হবে।
