দেশে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯৫ জনের মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হওয়ার পর।
একই সময়ে দেশে নতুন করে ১৪৭ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯২২ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় সব শিশুকে নিয়ে আসা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা জরুরি। তারা অভিভাবকদের শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশজুড়ে সংক্রমণের বিস্তার এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
