২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। নতুন ঘোষিত প্যাকেজ অনুযায়ী, হজযাত্রীদের বিমানভাড়া আগের তুলনায় প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজের জন্য দুটি প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৭ সালের হজে অংশ নিতে আগ্রহীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া আগামী ৮ এপ্রিল ২০২৭ থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে বলেও তিনি জানান।
ধর্ম মন্ত্রণালয়ের আশা, বিমানভাড়া হ্রাসের ফলে হজযাত্রীদের আর্থিক চাপ কিছুটা কমবে এবং নিবন্ধন প্রক্রিয়ায় আগ্রহও বাড়বে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাতেই হজযাত্রীরা নিবন্ধনের সুযোগ পাবেন।
