বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর তাকে নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওতে তার সঙ্গে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। সেখানে অভ্যর্থনা ডেস্কে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা হোটেলের ভেতরে যান।
ভিডিওতে আরও দেখা যায়, হোটেলের লবি, করিডোর এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতেও গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই ঘটনার পর লিখিত এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, ভিডিওতে তার সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান এবং সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।
এদিকে বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার পর জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সর্বশেষ ছড়িয়ে পড়া ভিডিওটির পর গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচনা আবারও তীব্র হয়েছে। তবে ভিডিওতে তার সঙ্গে থাকা নারী মরিয়ম আক্তার কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
