ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে বাহরাইন ও কুয়েত ইরানের ভেতরে কয়েকটি সামরিক স্থাপনায় গোপন বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
ডব্লিউএসজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে পরিচালিত ওই অভিযানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটিই ছিল প্রথম প্রত্যক্ষ প্রতিশোধমূলক সামরিক অভিযান। একই সঙ্গে এতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে বলেও দাবি করা হয়েছে।
সূত্রগুলোর বরাত দিয়ে ডব্লিউএসজে জানায়, অভিযানের সময় লক্ষ্যবস্তু নির্ধারণে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও সহায়তা দেয় ইউএই। এছাড়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে ইউএই একাধিকবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মার্কিন সংবাদমাধ্যমটির মূল্যায়নে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হওয়ায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কয়েকটি আরব দেশ নিজেদের মধ্যে সামরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে।
তবে ডব্লিউএসজের এই দাবির বিষয়ে বাহরাইন, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে প্রতিবেদনটি প্রকাশের পর ইরানও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
