দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশব্যাপী হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শনও অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শিগগিরই আরও চিকিৎসক নিয়োগের পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
শনিবার বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি নিকট ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে কিডনি রোগীরা সহজে চিকিৎসাসেবা পান।
সরদার মো. সাখাওয়াত হোসেন দাবি করেন, গত ১৭ বছরে স্বাস্থ্যসেবা খাতে কার্যকর উন্নয়নমূলক পদক্ষেপ যথাযথভাবে নেওয়া হয়নি। তবে বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী এবং ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে তিনি জানান।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার মান ও সেবার বিষয়ে খোঁজখবর নেন।
এ সফরে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
