রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহনের সংকট মোকাবিলার অংশ হিসেবে ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়। গত সপ্তাহ থেকে ধাপে ধাপে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন। নতুন সিদ্ধান্তে অধিকাংশ মন্ত্রীর বিশেষ এসকর্ট সুবিধা বাতিল হলেও সরকারি নীতিমালা অনুযায়ী তারা আগের মতোই গানম্যান, বাসভবনের নিরাপত্তা (হাউজ গার্ড) এবং ঢাকার বাইরে সরকারি সফরে প্রয়োজনীয় পুলিশি প্রোটোকল ও নিরাপত্তা পাবেন।
সাধারণভাবে একজন মন্ত্রীর এসকর্ট দলে একজন উপপরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল দায়িত্ব পালন করেন। এ দলের জন্য একটি পুলিশ পিকআপ ভ্যান বরাদ্দ থাকে, যার জ্বালানি ও জনবল ব্যয় সরকারি তহবিল থেকে বহন করা হয়।
নতুন ব্যবস্থায় যেসব জ্যেষ্ঠ মন্ত্রী বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা অব্যাহত রাখছেন তারা হলেন—স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরও এ সুবিধার আওতায় থাকবেন।
ডিএমপির তথ্য বলছে, বর্তমানে রাজধানীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, যেখানে প্রয়োজন ২ হাজার ৫৭৫ জন। অর্থাৎ প্রায় ৯০০ সদস্যের ঘাটতির কারণে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, জনবল সংকটের পাশাপাশি যানবাহনের স্বল্পতাও নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় হামলায় প্রোটেকশন ইউনিটের একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সীমিত জনবল ও সম্পদ নিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
