ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন প্রহ্লাদ জোশী। ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রকাশ্য বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রহ্লাদ জোশী। তিনি বলেন, কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে নতুন দায়িত্ব পালন করবেন এবং নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোশী বলেন, প্রধানমন্ত্রী তাঁর ওপর যে আস্থা রেখেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নতুন শিক্ষামন্ত্রী বলেন, গত ১২ বছরে মোদি সরকারের সময়ে শিক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশেষ করে গত চার থেকে পাঁচ বছরে জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ সময় শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতের সংস্কারের ভিত্তি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রহ্লাদ জোশীর মতে, এসব সংস্কারের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা নতুন রূপ পেয়েছে এবং আগামী দিনেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এর আগে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে কয়েক ঘণ্টার মধ্যেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ জোশীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর তাঁর বিদ্যমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও জোশীর ওপর অর্পণ করা হয়।
বর্তমানে প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় ভোক্তাবিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের ফলে তিনি এখন শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও তদারকি করবেন।
