হরমুজ প্রণালির দক্ষিণাংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজকে থামিয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ঘটনাটি সোমবার (২৭ জুলাই) ভোরে ঘটে।
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোকে থামানোর পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। বাকি জাহাজগুলোকে ইরানের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুনরায় পারস্য উপসাগরের দিকে ফিরিয়ে নেওয়া হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমটির বরাতে এক ওয়াকিফহাল কর্মকর্তা জানান, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ওই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। এরপরই ইরান তাদের চলাচলে বাধা দেয়।
তবে ঘটনাটি সম্পর্কে জাহাজগুলোর পরিচয়, গন্তব্য কিংবা দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এই তথ্য ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশ করেছে। সংবাদটি আল জাজিরার বরাতেও উল্লেখ করা হয়েছে।
