জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার সুযোগ। এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এ অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সূত্রগুলো আরও জানায়, জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সফরকালে বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকও হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। তিনি সেখানে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
