স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান উদ্যোগে সংবাদপত্রের সম্পাদকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের প্রক্রিয়ায় সম্পাদকদের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সম্পাদকদের সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি জনগণের স্বার্থে ইতিবাচক উদ্যোগগুলোও যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানান।
বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান-এর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।
বৈঠকে গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
