ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে চীনের শ্যানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক এবং একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের বিদ্যমান আর্থিক সংকট কাটিয়ে নির্মাণকাজের গতি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেতু বিভাগের সঙ্গে সম্ভাব্য অর্থায়ন নিয়ে আলোচনা করেছে প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই)-এর শেয়ার হস্তান্তরসংক্রান্ত আইনি জটিলতা বর্তমানে সিঙ্গাপুরে সালিশি (আরবিট্রেশন) পর্যায়ে রয়েছে। এর প্রভাবে গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রকল্পে অর্থায়নকারী দুটি চীনা ব্যাংকের ঋণের কিস্তি ছাড় স্থগিত রয়েছে। তবে অর্থায়নে জটিলতা থাকা সত্ত্বেও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে গত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বৈঠকে প্রকল্পের বিকল্প অর্থায়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সেতু সচিব বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেসব অংশ ইতোমধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, সেখানে প্রত্যাশার চেয়ে বেশি যানবাহন ব্যবহার করছে। তাঁর মতে, পুরো প্রকল্পের নির্মাণকাজ শেষ হয়ে চালু হলে বিনিয়োগকৃত অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা আরও বাড়বে।
বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী এ এইচ এম এস আকতার এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
