গ্যাস সংকট এবং গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি বিকেল সাড়ে ৫টায় কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা থেকে শুরু হয়ে প্রতীকীভাবে পেট্রোবাংলার দিকে অগ্রসর হবে।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কর্মসূচির ঘোষণা দেয়।
দলটির তথ্য অনুযায়ী, বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি দাবি করেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প ও পরিবহন খাতে গ্যাসের তীব্র সংকট বিরাজ করছে। একই সঙ্গে গ্যাসের মূল্য বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে।
দলটির ভাষ্য, বিদ্যমান গ্যাস সংকট এবং সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই শনিবারের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
