রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, তা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা এবং প্রসিকিউশন দলের সদস্যরা।
শনিবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল ওই স্থাপনা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
পরিদর্শনে অংশ নেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা। এ সময় আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব, ডিজিএফআই এবং ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে করা আবেদনে দাবি করেন, আওয়ামী লীগের টানা শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের এসব গোপন বন্দিশালায় নিয়ে আটক রাখা, নির্যাতন এবং গুমের মতো ঘটনার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষাপটেই সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শনের আবেদন জানানো হয়।
পরিদর্শনের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট স্থানগুলো সরেজমিনে পর্যবেক্ষণের কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
