বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তাহলে জনগণ তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আপনি দেশে আসতে চান, আসুন—যেভাবেই আসুন।”
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে গোলাম পরওয়ার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে এখনো দুর্বলতা রয়েছে। তার অভিযোগ, ফ্যাসিবাদের সহযোগীদের আদালতের মাধ্যমে জামিন দেওয়া হচ্ছে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের নামে অতীতের রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের ঘটনাবলির জন্য দায়ী শক্তিকে আবার রাজনৈতিক সুযোগ দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের মানুষ সেই সময়ের রক্তাক্ত স্মৃতি ভুলে যায়নি। তবে তার দাবি, ওই আন্দোলনের সুফল পাওয়া বর্তমান ক্ষমতাসীন বিএনপি সেই ইতিহাসের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করছে না। তিনি অভিযোগ করেন, সংসদে কিছু বিএনপি সদস্যের বক্তব্যে সেই মনোভাবের প্রতিফলন দেখা গেছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, গণভোটে পাওয়া জনমতের প্রতিফলন ঘটাতে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা উচিত। তিনি ৮৪ দফা সংস্কার বাস্তবায়ন করে তা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তার ভাষ্য, সংসদে রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নগুলোর সমাধান না হলে রাজপথেই এর নিষ্পত্তি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মহাখালী থেকে গণমিছিল বের করেন। মিছিলটি তেজগাঁওয়ের তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
