জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রত্যাশা থাকলেও বর্তমান সরকার বিরোধী দল দমনে বলপ্রয়োগ ও নিপীড়নের পুরোনো কৌশলই অনুসরণ করছে।
রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত ও রাজনৈতিক বিরোধিতা স্বাভাবিক বিষয়। তাই বিরোধী দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের বহনকারী গাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তাঁর ভাষায়, এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক বার্তা বহন করবে।
দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম সচল রাখতে বিধি অনুযায়ী সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌরকর আদায় করা উচিত। তবে ইজারার আওতার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
তিনি আরও বলেন, দেবিদ্বারে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং সরকার নির্ধারিত করহার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী জনগণের কাছ থেকে অর্থ আদায় করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।
