অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। পোস্টে তিনি জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, ডানপন্থী ও অ-ডানপন্থী রাজনীতির বিভাজন এবং রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেছেন।
রবিবার (২ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, জুলাই এখন আদর্শিক বিভাজনের একটি স্পষ্ট অক্ষে দাঁড়িয়ে গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীদের জায়গা হবে না এবং এটিই বর্তমান জুলাই-পরবর্তী রাজনৈতিক বন্দোবস্ত।
তিনি আরও লেখেন, যারা ডান বা অ-ডান—এই দুই অবস্থানের বাইরে থাকার চেষ্টা করবেন, তাদের জন্য এতে শিক্ষা রয়েছে। দ্রুত একটি অবস্থান বেছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি মন্তব্য করেন, ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’
পোস্টের মন্তব্যের ঘরেও মাহফুজ আলম আরও একটি মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ডান ও অ-ডান রাজনীতির দ্বন্দ্ব নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মধ্য দিয়ে আরও স্পষ্টভাবে শুরু হয়েছে। তাঁর মতে, এই দ্বন্দ্ব এমন এক পর্যায়ে গিয়ে শেষ হতে পারে, যখন উভয় পক্ষের রাজনৈতিক লড়াই আওয়ামী লীগের পুনরাগমনকে অনিবার্য করে তুলবে। এজন্য তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আগাম অভিনন্দনও জানান।
মাহফুজ আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের পর বিভিন্ন মহলে এর রাজনৈতিক তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে আলোচনা চলছে।
