জসপ্রিত বুমরাহর চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবার ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী পেসার আকিব নবি। জম্মু-কাশ্মীর থেকে জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। অভিষেক হলে ভারতের হয়ে টেস্ট খেলা প্রথম কাশ্মীরি ক্রিকেটারের ইতিহাস গড়বেন এই ডানহাতি পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতের দলে পরিবর্তন আনতে হয়েছে জসপ্রিত বুমরাহর ইনজুরির কারণে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোট পাওয়ার পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের চিকিৎসক দল মনে করছে, ভবিষ্যৎ সূচির কথা বিবেচনায় নিয়ে তাকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানো ঝুঁকিপূর্ণ হবে।
বুমরাহর জায়গায় সুযোগ পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। এর মাধ্যমে পারভেজ রসুল ও উমরান মালিকের পর জম্মু-কাশ্মীর থেকে ভারতের সিনিয়র দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন তিনি।
বারামুল্লা জেলার একটি গ্রামের বাসিন্দা ২৯ বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার অভিষেকের অপেক্ষায় রয়েছেন। টেস্ট ক্যাপ পেলে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে মাঠে নামা প্রথম কাশ্মীরি ক্রিকেটারের কীর্তি গড়বেন তিনি।
আকিব নবির জাতীয় দলে জায়গা পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তার ধারাবাহিক পারফরম্যান্স। গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে তিনি ১০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমে সর্বোচ্চ ৬০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি ছিলেন তিনি। ওই মৌসুমেই প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু-কাশ্মীর।
প্রথম শ্রেণির ক্রিকেটেও তার পরিসংখ্যান নজরকাড়া। ৪৩ ম্যাচে ১৮.৬৩ গড়ে সংগ্রহ করেছেন ১৬২টি উইকেট।
সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও খেলেছেন আকিব নবি। চার দিনের দুটি ম্যাচে তিনি নিয়েছেন ছয় উইকেট। একই ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা আসন্ন টেস্ট সিরিজে তার জন্য বাড়তি সুবিধা হতে পারে। এছাড়া ২০২৬ মৌসুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও খেলেছেন তিনি।
ভারতের বোলিং আক্রমণে বর্তমানে কিছুটা সংকট রয়েছে। নিতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর অন্তত প্রথম টেস্টে অনুপস্থিত থাকায় আকিব নবির সামনে নিজেকে প্রমাণের বড় সুযোগ তৈরি হয়েছে। এই সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারলে ভবিষ্যতেও জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করার সম্ভাবনা রয়েছে।
